রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে একটি তিনতলা বাসায় সোমবার মধ্যরাতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক (ডিবি) জালাল উদ্দিন নিহত হয়েছেন।
সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় মধ্য পীরেরবাগ আলিমুদ্দিন স্কুলের পাশের ওই বাসায় পুলিশ অভিযান চালায়। পুলিশ কার্নিশ বেয়ে উপরে উঠছিল। তখন ভবন থেকে এলোপাতারি গুলি চালায় সন্ত্রাসীরা। দুটি গুলি পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় ঢুকে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ জালাল উদ্দিনকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ কমিশনার হাসপাতালে আসেন।
নিহত জালাল উদ্দিনের বাসা রাজধানীর বাসাবোতে। তার দুই মেয়ে ভিকারুন্নেসার ছাত্রী। খবর পেয়ে তার স্ত্রী-সন্তানরা হাসপাতালে ছুটে আসে। এসময় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।