ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারে সড়ক ও জনপথের জায়গায় দখলমুক্তের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্ঠা করে।
তবে খবর পেয়ে কুমিল্লা সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের অবৈধ স্থাপনা দখলমুক্তের আশ্বাস দিলে তারা অবরোধ স্থগিত করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঢাকা-মতলন সড়কের দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারে সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকানপাট গড়ে তুলে একটি প্রভাবশীলী মহল। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ দের বছর আগে এ সড়কে গৌরীপুর থেকে মতলব পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা মেরামতের কয়েকটি প্যাকেজে টেন্ডার দেওয়া হয়। এ পর্যন্ত সড়কের ৮০ ভাগ রাস্তার প্রশস্তকরণ ও মেরামতের কাজ শেষ করা হলেও নৈয়ার বাজারে অবৈধ স্থাপনার কারণে বন্ধ থাকে বাজারের অংশের মেরামত কাজ। অবৈধ স্থাপনার জন্য রাস্তা মেরামত না করার কারণে এ সড়কে চলাচলকারী কয়েক হাজার জনগণের দুর্ভোগ পোহাতে হয়। এ দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা করে। পরে খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন এবং দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা মেরামতের আশ্বাস দেন।
এ বিষয়ে এলাকার সমাজসেবক ও বাজারের ব্যবসায়ী মোঃ শহিদ উল্লাহ সরকার বলেন, এলাকার প্রভাবশালী মহল সরকারী রাস্তার ওপর দোকানপাট গড়ে তুলে ভাড়া তুলে নিচ্ছে। এদিকে সড়ক মেরামতের জন্য দের বছর আগে টেন্ডার করা হলেও অবৈধ দখলের কারণে সড়ক ও জনপথ বিভাগ বাজারের রাস্তাটি মেরামত করছে না। তাই জনদুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে। আমরা দ্রুত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গৌরীপুর-মতলব সড়কের নৈয়ার বাজারের রাস্তা মেরামতের দাবি জানাই।
এ ব্যাপারে কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান বলেন, ঢাকা-মতলব সড়কের গৌরীপুর থেকে মতলব পর্যন্ত কুমিল্লা অংশের মেরামত কাজ দের বছর কয়েকটি প্যাকেজে টেন্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে কিছু জায়গায় সমস্যার কারণে মেরামত সম্ভব হয়নি। আমরা অচিরেই নৈয়ার বাজারের উভয় পাশের সড়ক ও পথের ৩২ ফুট রাস্তা মেপে বের করা হবে। যদি এর মধ্যে কোন অবৈধ স্থাপনা থাকে তা উচ্ছেদ করে সড়কের মেরামত কাজ শেষ করা হবে।