প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ।
রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের বিভিন্ন স্থানে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। আরব আমিরাতের ব্যাবসায়ীরা এখানে যে কোন ধরনের শিল্প স্থাপনের সুযোগ গ্রহণ করতে পারে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, বৈঠকে তাঁরা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।