বিশ্বসেরা কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

বিশ্বসেরা কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে কুমিল্লায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলার দেবিদ্বার উপজেলার মির্জানগর ইনসাফ স্কুল অব হেরিটেজের উদ্যোগে হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে (১৫) এ সংবর্ধনা দেয়া হয়।

সূত্র জানায়, কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলার হিরারকান্দা গ্রামের বাসিন্দা আবুল বাসারের ছেলে হাফেজ আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মত বিশ্বসেরা হাফেজের পুরস্কার লাভ করেন। চলতি বছরের ১১ অক্টোবর তিনি সউদি আরবে পঞ্চমবারের মত শ্রেষ্ঠ কোরআনে হাফেজের পুরস্কার গ্রহণ করেন।

এর আগে তিনি কুয়েত, মিশর, দুবাই এবং সউদি আরবে চারবার বিশ্বসেরা হাফেজের পুরস্কার লাভ করেন। স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাও: আব্দুর রহিম।

তিনি বলেন, পঞ্চমবারের মতো বিশ্বের সেরা হাফেজের পুরস্কার লাভ করে মামুন আমাদের দেশ ও এলাকাবাসীকে সম্মানিত করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন, মাও. আবুল বাশার, আলহাজ্ব এম.এ কাইয়ুম ভুঁইয়া, হারুনুর রশিদ মাস্টার, বাবুল মিয়া ও সেকান্দর আলী মাস্টার প্রমুখ।