প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বিকালে তার পরিবারের উদ্যোগে নগরীর বাঘমারা রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর টাউল হল মাঠে স্মরণসভা। এতে শাকিলের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জহিরুল হক খোকা উপস্থিত থাকবেন। এ স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়। মাহবুবুল হক শাকিল তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদেও তিনি বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন শাকিল। প্রথমে তিনি সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল-সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল। ২০০৮ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছিল।