সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ যথাসময়ে শেষ হবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হয়েছে ৪২ শতাংশ। জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে এবং এরপর খুব দ্রুত সময়ের মধ্যে একের পর এক নতুন স্প্যান বসতে থাকবে।
গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা বহুমুখী সেতু কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের স্কুল প্রাঙ্গণে একযোগে পুনর্বাসন সাইটসমূহের ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫টি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন পরবর্তী ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো জানান, মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। এরমধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি এবং ট্রানজিশন পিলারে ১০টি। সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে।
এসময় স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ও মাওয়াস্থ ৯৯ কম্পোজড ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাকিল আহম্মেদ ও মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম।