।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত প্রসূতি মায়ের নাম ফাতেমা বেগম (২৭)। সে উপজেলার পশ্চিম নোয়াদ্দা গ্রামের প্রতিবন্ধী নজরুল সর্দারের স্ত্রী।
নিহতের স্বামী নজরুল জানান, প্রসব বেদনা উঠলে গত মঙ্গলবার তার স্ত্রীকে তিনি মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার ফারজানা আক্তার ফাতেমাকে দেখে গৌরীপুর সিটি হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং বিকেলে এসে তাকে সিজার (অস্ত্রপচার) করবেন বলেও জানান। সেদিন রাতে তড়িঘড়ি করে ফাতেমার অস্ত্রপচার করেন ডাক্তার ফারজানা। একটি কন্যা সন্তানের জন্ম হয় অস্ত্রপচারে। এরপর প্রসূতি মায়ের অস্ত্রপচারস্থলে রক্ত জমাট বেধেছে বলে ফাতেমাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন ডাক্তার ফারজানা। পরে ফাতেমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় রাজধানীর গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতলে পাঠানো হয় । সোমবার রাতে মারা যায় ফাতেমা।
ছবি : নিহত ফাতেমা বেগমের স্বামী প্রতিবন্ধী নজরুল সর্দার।
নিহত ফাতেমার সদ্যজাত ৭ দিন বয়সী কন্যা শিশুটি বর্তমানে তার নানা-নানীর তত্ত্ববধানে রয়েছে।
নিহতের স্বামী নজরুল গ্রামের একজন সাধারণ চায়ের দোকানদার এবং সে প্রতিবন্ধী (পঙ্গু)। ৮ ও ১০ বছর বয়সী তার দুই ছেলে রয়েছে।
ছবি : নিহত ফাতেমার ৮ ও ১০ বছর বয়সী ২ ছেলে।
নজরুল অভিযোগ করে আরও জানান, ডাক্তার ফারাজানা তার স্ত্রীকে সরকারি হাসপাতালে না রেখে প্রাইভেট হাসপাতালে নিয়ে তড়িঘরি অস্ত্রপচার করেছে। তার অবহেলার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।