‘জঙ্গি আস্তানায়’ গুলির শব্দ, আটক ১

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

সকাল থেকেই ওই এলাকা থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এরপর কিছুক্ষণ কোনো শব্দ শোনা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিককে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, গত রাত একটা থেকে টিনশেড ওই বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। থেমে থেমে গোলাগুলি চলছে।

মুফতি মাহমুদ খান জানান, বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে।

র‍্যাবের এই পরিচালক প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি আছে।

Comments (0)
Add Comment