ঐতিহাসিক মুজিব নগর দিবস আজ :

পাকিস্তানকে উচ্ছেদ করে স্বাধীন বাংলাদেশ গড়তে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাঙালিদের প্রথম সরকার গঠিত হয়। কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এদিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়।

এরপর ১৭ এপ্রিল সকালে মুজিবনগরের আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।

এ দিন ঘোষিত ঘোষণাপত্রে বলা হয়েছে, ২৬ মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার দেন।

শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

এছাড়াও তাজউদ্দিন আহমেদ সরকারের প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী, এএইচএম কামারুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন। অপরদিকে জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন।

মাগুরা মহকুমার পুলিশ কর্মকর্তা মাহাবুব উদ্দিন আহমেদের কমান্ডে ১২জন আনসার সদস্য মন্ত্রী পরিষদকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেন।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।

সেদিনই বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। আর মুজিবনগর হয়ে যায় বাংলাদেশের অস্থায়ী রাজধানী।

তাৎপর্যপূর্ণ এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওই জায়গাটিতে গড়ে তোলা হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স।

Comments (0)
Add Comment