জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম (একে) ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেয়া হয়েছে।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন একে ফজলুল হক। প্রথিতযশা বাঙালি এই রাজনীতিবিদ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) ও ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন।
তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।