আপোত্তিকর স্ট্যাটাসের অভিযোগে টিটু রায় গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিটু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রংপুর সদরের ঠাকুরপাড়া গ্রামে মঙ্গলবার পোড়ানো বাড়িঘর পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  টিটু দোষী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে মেনে নেওয়া হবে না, কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মন্ত্রী বলেন, শুনেছি টিটু লেখাপড়া জানেন না। তিনি নাকি আট-দশ বছর আগে থেকে বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ গিয়ে থাকেন। পুলিশ ঘটনা তদন্ত করছে। এটা আসলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা। এজন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে। দেশে ষড়যন্ত্র চলছে।

উল্লেখ্য, টিটু রায় ফেসবুকে আপোত্তিকর স্ট্যাটাস দিয়েছে- স্থানীয়রা এই অভিযোগ তুলে গত শুক্রবার কয়েক হাজার মানুষ ওই গ্রামের হিন্দুবাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘরে আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (৩০) নামে একজন মারা যান। আহত হন আরও অন্তত ১১ জন। এঘটনায় এ পর‌্যন্ত ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।