প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে রওনা হবেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়ক পথে মানিকদহ হাউজিং-এর উদ্দেশে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন। দুপুর ১২টা ২০ মিনিটে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হবেন।
সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। ওইদিন টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন শনিবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।