প্রশ্ন ফাঁসে মহামারি: ব্যতিক্রম দাউদকান্দি

।। নিজস্ব প্রতিবেদক।।

দেশে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসে যেন মহামারি আকার ধারণ করেছে।একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছেই। সংসদে তুমুল বিতর্ক, ধিক্কার; এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশনার পরও ঠেকানো যাচ্ছে না প্রশ্ন ফাঁস।

সবশেষ গতকাল মঙ্গলবারও পদার্থ বিজ্ঞান বিষয়ের ফাঁস হওয়া প্রশ্ন বহনকারী বাসসহ চট্টগ্রাম থেকে ৯ জনকে আটক করে পুলিশ। বহিষ্কার করা হয় ২৪ জন শিক্ষার্থীকে।

প্রশ্ন ফাঁসের অভিযোগে গত শনিবার বিভিন্ন জেলায় গ্রেপ্তার হয়েছে অনেক শিক্ষক ও শিক্ষার্থী। আলামত হিসেবে জব্দ করা হয়েছে অনেকের স্মার্টফোন। চট্টগ্রাম, শেরপুর,রাজশাহী, নাটোর, গাজীপুর, সিলেট ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায়  শিক্ষক ছাত্রসহ অনেককেই গ্রেপ্তার করা হয়।

ন্যাক্কারজনক এই ঘটনার সম্পূ্র্ণ ব্যতিক্রম চিত্র দেখা গেছে কুমিল্লার দাউদকান্দিতে। গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর এখন পর‌্যন্ত দাউদকান্দি উপজেলার কোথাও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন তৎপর থাকায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের “মাসিক আইন-শৃঙ্খলা মিটিং” এবং “মাসিক সমন্বয় সভায়’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে সফল হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতেও যাতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস”হতে না পারে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়।

ছবি : গতকাল মঙ্গলবার দাউদকান্দি উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক সভা।

সভায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা], উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।