দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পাশাপাশি আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পশ্চিমাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Comments (0)
Add Comment