উদ্বোধনের অপেক্ষায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস

কলকাতার উদ্দেশে খুলনা স্টেশন ছেড়ে আসা প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস ২ বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশনে পৌছেছে। আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে বেনাপোলে এসে পৌঁছায়। এ দিন নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা-বেনাপোল-কলকাতা রুটের এই মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করবেন।

বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে এবং রবিবার সকাল ৮টা ৫ মিনিটে কলকাতা থেকে খুলনায় ফিরে আসবে। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে বেনাপোল আন্তর্জাতিক রেলস্টেশনে সব ধরনের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল মৈত্রী রেলে করে কলকাতায় যাবে।

ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু হলে খুলনাবাসীর অনেক দিনের স্বপ্নপূরণ হবে। বেনাপোল স্থলবন্দর হয়ে সাড়ে ৩ ঘণ্টায় তারা যেতে পারবেন কলকাতায়। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রোগী, পর্যটক, ব্যবসায়ীরা কলকাতায় পৌঁছাতে পারবেন। এতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যরও সম্প্রসারণ ঘটবে।

Comments (0)
Add Comment